মক্কায় প্রাচীন হজযাত্রার নিদর্শনের সন্ধান, মিলেছে ৬০ শিলালিপি

সৌদি আরবের মক্কার উত্তর-পূর্বাঞ্চলের ওয়াদি আল-উসাইলাহ উপত্যকায় প্রাচীন ইসলামী যুগের হজযাত্রার গুরুত্বপূর্ণ নিদর্শনের সন্ধান মিলেছে। ওই অঞ্চলের পাহাড়ের গায়ে খোদাই করা ৬০টিরও বেশি প্রাচীন ইসলামী শিলালিপি এবং দুটি ঐতিহাসিক কূপ পাওয়া গেছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ ও দুই কিলোমিটার প্রশস্ত এই উপত্যকাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি যাত্রাপথ ছিল। ইরাক ও আশপাশের অঞ্চল থেকে মক্কার উদ্দেশে আসা পথিক ও হজযাত্রীদের কাফেলা এই পথ ব্যবহার করত। পাহাড়ের পাথুরে দেয়ালে খোদাই করা শিলালিপিগুলো সপ্তম ও অষ্টম শতাব্দীর বলে ধারণা করা হচ্ছে।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, এগুলো প্রথম ও দ্বিতীয় হিজরি শতকের সময়কার বলে উল্লেখ করেছে এজেন্সিটি।

এসব শিলালিপিতে ইসলামের প্রাথমিক যুগের বিভিন্ন ব্যক্তির উল্লেখ রয়েছে। পাশাপাশি প্রাচীন আরবি লিপির গঠন, বিন্যাস ও নান্দনিক বৈশিষ্ট্যের পরিবর্তন ও বিকাশ সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাচ্ছে।

দুর্গম ও শুষ্ক এই ভূখণ্ড পাড়ি দিতে যাত্রী ও হজযাত্রীদের জন্য পানির ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিভিন্ন সময়ে মুসলিম শাসকরা এই পথজুড়ে পানি সরবরাহের অবকাঠামো গড়ে তোলেন।

ওয়াদি আল-উসাইলাহতে থাকা চারটি ঐতিহাসিক কূপের মধ্যে দুটি এখনো টিকে আছে। কূপ দুটি শিলালিপি খোদাই করা পাহাড়ি এলাকার কাছেই অবস্থিত। এর কয়েকটি আব্বাসীয় খেলাফতের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

শিলালিপি ও ঐতিহাসিক কূপগুলো সংরক্ষণে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর জন্য গঠিত রয়্যাল কমিশন একটি বিস্তৃত সংরক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। ক্ষয় ও প্রাকৃতিক পরিবেশের কারণে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন যাতে নষ্ট না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় দেশটির প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং টেকসই সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, ওয়াদি আল-উসাইলাহর সংরক্ষণ কার্যক্রমও তার অংশ বলে জানিয়েছে এসপিএ।

ওয়াদি আল-উসাইলাহর আবিষ্কার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রাচীন লেখা ও মানববসতির ইতিহাস নিয়ে চলমান প্রত্নতাত্ত্বিক গবেষণাকে আরও সমৃদ্ধ করেছে।