ভোলায় ৪০ কেজি গাঁজাসহ আটক ২

ভোলায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।পরে উদ্ধার করা গাঁজা পরিমাপ করে এর পরিমাণ ৪০ কেজি পাওয়া যায়।

এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

ভোলার নদীপথ ও উপকূলীয় এলাকায় মাদক পরিবহন ও পাচার ঠেকাতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।