মানবতাবিরোধী অপরাধ: কাল ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় 

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের রায় জানা যাবে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এদিন ধার্য করেন।

গত ১৭ আগস্ট এ মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে রায় যেকোনো দিন ঘোষণা করা হবে বলে অপেক্ষমান রেখেছিলেন ট্রাইব্যুনাল। বিচারকালে এ মামলায় ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সবাই মামলার শুরু থেকে পলাতক।

ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।