এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাজাহান কবীর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। 

শুনানিকালে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠায়। গ্রেপ্তার দেখানো বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিপি তরিকুল ইসলাম। 

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

এ ছাড়া তার ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনসহ সর্বমোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ‘লেয়ারিং’ করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় দুদক মামলা দায়ের করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

অবৈধ অর্থের উৎস আড়াল করতে একাধিক ধাপে লেনদেন করা ‘লেয়ারিং’ বা ‘অর্থের স্তরায়ণ’ নামে পরিচিত।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সোনা ও হীরা চোরাচালন এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমাণ্ডে পাঠায় আদালত।

এরপর ২৮ অক্টোবর আ. জব্বার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুই দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।

পরে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেয় বলে জানান তার নিয়োজিত আইনজীবী জাকারিয়া হায়দার।

সর্বশেষ সর্বাধিক পঠিত