রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের প্রায় ৩০ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেয় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ও ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টার দিকে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে গ্রাহক ফোরামের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে অবস্থান নেন। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।
সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়ী ও গ্রাহকরাও বক্তব্য দেন।
অন্যদিকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সনদ ও অন্যান্য তথ্য যাচাইয়ের পর যেসব কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানান।