রাজধানীর বিমানবন্দর জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পোস্তগোলার ভাঙারির দোকানদার আরিফুর রহমান (৪০) ও ফালু (৫৫)। জানা যায়, ঘটনাস্থলেই ফালু আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরিফুর মারা যায়।
প্রত্যেক্ষদর্শী চা দোকানদার আবুল হাসান জানান, সকালে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকারের। এরপর কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী সেখানেই মারা যান। পরে পুলিশ এসে মোটরসাইকেলটির চালক মুমূর্ষু আরিফুর নামে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
পোস্তগোলার ভাঙ্গারি দোকান মালিক ফজলে রাব্বি জানান, মিতু এন্টারপ্রাইজ নামে তার দোকানেই কাজ করেন আরিফুর। সকালে আরিফুর ও পাশের দোকানদারের কর্মচারী ফালু দুজন মিলে গাজীপুরের টঙ্গী যাচ্ছিলেন পুরাতন মালামাল দেখে কেনার উদ্দেশ্যে। এরপর ফোনে তাদের দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।
এদিকে, বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে একজন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। কাভার্ড ভ্যানের চালকও কিছুটা আহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।
আরিফুরের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আউয়াল মোল্লা। থাকতেন ডেমরা কোনাপাড়া এলাকায়। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। তবে ফালুর বিস্তারিত জানা যায়নি।