ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বিরুদ্ধে গণঅবস্থান

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলসহ বিভিন্ন দাবিতে গণঅবস্থান ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় জনতা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি বরঙ্গাইল বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেয়।

কর্মসূচি থেকে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, চালক ও হেলপারদের ডোপ টেস্ট, যানবাহনের ফিটনেস নিশ্চিত এবং অতিরিক্ত যাত্রী বহন বন্ধের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার তুহিন হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি পীযূষ ফাইটার, মির্জা আব্বাস, আসলাম মিয়া, সাবেক সহসভাপতি চঞ্চল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মিয়া, মো. রুবেল মিয়া, রায়হান মিয়া ও সাংগঠনিক সম্পাদক রমজান আলীসহ অনেকে।

কর্মসূচিস্থলে শিবালয় থানা পুলিশের সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।

মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার তুহিন হোসেন বলেন, দ্রুতগতির কারণে সেলফি পরিবহনের বাস প্রায়ই সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সেলফি পরিবহনের বিরুদ্ধে সাধারণ যাত্রীদের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

বক্তারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। একই সঙ্গে সেলফি পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহাসড়কে সব ধরনের যানবাহনের চলাচলে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান।