চসিক জেনারেল হাসপাতালে চালু হল ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’। সোমবার (১৪ সেপ্টেম্বর) সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে এই সেলের উদ্বোধন করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু রোগীর চিকিৎসা সহজ ও সুনির্দিষ্ট করতে এই সেল গঠন করা হয়েছে। এতে পুরুষ, নারী ও শিশুদের জন্য প্রাথমিকভাবে ১৫টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। এ সেলের অধীনে হাসপাতালে আসা রোগীদের জন্য বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণে এনএস ওয়ান অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চসিক জেনারেল হাসপাতালে মোট ৮২ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০ জনের শরীরে ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গত আট মাসে ১৩ জন এবং কেবল চলতি সেপ্টেম্বর মাসেই ৭ জন শনাক্ত হয়েছেন।

উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। কানাডা থেকে ফেরার পরপরই আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসকদের সতর্ক ও যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছি। চসিক হাসপাতালে চালু হওয়া এই সেল ডেঙ্গু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, কেবল চিকিৎসা নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ওয়ার্ডগুলোতে মশক নিধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত বিটিআই প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্বোধন শেষে মেয়র হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত