রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করা অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী জুট মিল এলাকা থেকে উদ্ধার করা প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর কাপ্তাই জাতীয় উদ্যানের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

সোমাবার (১৪ সেপ্টেম্বর) সকালে অজগরটি অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অজগরটির ওজন প্রায় ৮ কেজি। লোকালয়ে চলে আসার পর এটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে শারীরিক অবস্থা পরীক্ষা করে বন্যপ্রাণী সংরক্ষণের অংশ হিসেবে অজগরটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীনের নেতৃত্বে বনবিভাগের একটি দল অজগরটি অবমুক্ত করে। এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ সবসময় সতর্ক রয়েছে।”

লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা না করে বনবিভাগকে খবর দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।