ইনস্টাগ্রামে নতুন সুবিধা

অন্যদের ট্যাগ করা পোস্টগুলো নিজের প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শনের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বন্ধু বা পরিচিত ব্যক্তিরা তাদের কোনো পোস্টে ট্যাগ করলে সেটি নতুন করে প্রকাশ না করেই সরাসরি নিজের প্রোফাইলে প্রদর্শন করা যাবে। ইনস্টাগ্রামের তথ্যমতে, ডিরেক্ট মেসেজের নোটিফিকেশন থেকে ট্যাগ করা পোস্ট সরাসরি প্রোফাইল গ্রিডে যুক্ত করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে ট্যাগ করা পোস্ট খুলে বা প্রোফাইলের ‘ট্যাগড’ অপশন থেকেও ট্যাগ করা পোস্ট নিজেদের প্রোফাইল গ্রিডে প্রদর্শন করতে পারবেন। পরে পোস্টটি প্রোফাইলে রাখতে না চাইলে সেটি গ্রিড থেকে সরিয়ে ফেলা গেলেও পোস্টটি মূল জায়গাতেই থাকবে। অর্থাৎ গ্রিড থেকে সরিয়ে দিলেও মূল পোস্ট মুছে যাবে না এবং নতুন কোনো কপিও তৈরি হবে না।

আধেয় বা কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) জন্যও নতুন সুবিধাটি বেশ কার্যকর। কারণ, একজন নির্মাতা অন্য কোনো নির্মাতাকে ট্যাগ করে পোস্ট প্রকাশ করলে ট্যাগ করা নির্মাতা নিজের প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শন করতে পারবেন। এমনকি একই পোস্টে একাধিক নির্মাতার নাম ট্যাগ করা হলে তারা চাইলে সেই পোস্ট নিজেদের প্রোফাইলে প্রদর্শন করতে পারবেন। ফলে যেকোনো প্রচারণামূলক পোস্ট একাধিক নির্মাতার প্রোফাইলের মাধ্যমে সহজে প্রচার করা যাবে।

ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর সুযোগ বাড়াতে সম্প্রতি ‘রি-অর্ডার ইয়োর গ্রিড’ সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। সুবিধাটি কাজে লাগিয়ে প্রোফাইলের মূল গ্রিডে থাকা পোস্টগুলোর অবস্থান নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যায়। দ্রুত কনটেন্ট তৈরির সুযোগ দিতে ‘ফার্স্ট ড্রাফট’ টুলও চালু করেছে ইনস্টাগ্রাম।