আসামীকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মাদক মামলার ওই আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে (৩০) গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের কাজে বাধা দেওয়া হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে চার পুলিশ সদস্য আহত হন। মেলান্দহ উপজেলার শ্যামপুর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে এনামুল হক।
তাকে গ্রেপ্তারে মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের অভিযান চালান। অভিযানের একপর্যায়ে এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেন বলে দাবি পুলিশের।
এ সময় এনামুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ধস্তাধস্তিতে এসআই হিমনের বাম হাতে আঘাত পান, অভিযানে আরও তিন পুলিশ সদস্য আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরিস্থিতি শান্ত হলে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।