বাংলাভিশনে নতুন ধারাবাহিক ‘আমরা ভাইরাল’

সামাজিক মাধ্যমে রাতারাতি আলোচনার কেন্দ্রে আসার প্রবণতা ও এর পেছনের বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। আলআমিন স্বপনের রচনা ও সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ৫২ পর্বের এই ধারাবাহিকটি আগামীকাল ১৬ সেপ্টেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

ভালো কাজের পাশাপাশি বিতর্কিত উপায়ে লোকচক্ষুর আড়ালে থাকা থেকে বেরিয়ে আসার যে প্রতিযোগিতা, তা হাস্যরসের মধ্য দিয়ে নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে। বিনোদনের ছলে সমাজের নানা অসংগতি ও ভাইরাল সংস্কৃতির ইতিবাচক-নেতিবাচক প্রভাবের সামাজিক বার্তা দেবে এই ধারাবাহিক।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন চুমকি, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি, দিলরুবা তুষি, খায়রুল টিটু, আহসান কবিরসহ আরও অনেকে।