প্রকাশ্যে ‘রামায়ণ’ ছবির প্রথম গান

নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে রূপদানকারী দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী নতুন অবতারে আত্মপ্রকাশ করেছেন। গণেশ চতুর্থী উপলক্ষে প্রকাশ পাওয়া সিনেমাটির প্রথম গান ‘জয় জয় রাম’ এবং এক বিশেষ পোস্টারে রামরূপী রণবীর কাপুরের সঙ্গে সাই পল্লবীর রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

নতুন প্রকাশিত পোস্টারে বনে এক গাছের নিচে পাথরে বসে থাকা অবস্থায় দেখা যায় সাই পল্লবী ও রণবীরকে। রামের বনবাস চলাকালের এই দৃশ্যটিতে সাই পল্লবীর চুলে পরম ভালোবাসায় ফুল গুঁজে দিচ্ছেন রণবীর কাপুর। তাদের বিয়ের বিভিন্ন দৃশ্য ও অন্তর্বর্তী মুহূর্তের ভিডিও চিত্র নিয়ে তৈরি গানটিতে সুর দিয়েছেন এ আর রহমান, আর কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।

চলচ্চিত্রটিতে সীতা হিসেবে সাই পল্লবীর এই কোমল ও আধ্যাত্মিক রূপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে গল্পে রাবণ কর্তৃক অপহৃত হওয়ার আগের এই মুহূর্তটিতে তার উপস্থিতি দর্শকদের আবেগে ভাসিয়েছে।

দুটি পর্বে নির্মিত এই রামায়ণের প্রথম অংশটি চলতি বছরের ৫ ও ৬ নভেম্বর আন্তর্জাতিক বাজারে এবং ৮ নভেম্বর দীপাবলিতে ভারতে ও বিশ্বজুড়ে মুক্তি পাবে। কন্নড় তারকা যশ ও রণবীর কাপুরের পাশাপাশি সাই পল্লবীর ক্যারিয়ারের অন্যতম বড় এই প্রজেক্টের দ্বিতীয় পর্বটি আসবে ২০২৭ সালের দীপাবলিতে।