কবি ইমতিয়াজ মাহমুদের আলোচিত কবিতা ‘ফুটনোট’ এবার রূপ নিচ্ছে গানে। রাজনৈতিক পটভূমিতে রচিত এই জনপ্রিয় কবিতাটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ পবিত্র।
নতুন এই আয়োজন নিয়ে শফিক তুহিন জানান, ইমতিয়াজ মাহমুদ তার অত্যন্ত পছন্দের একজন কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজ। এমন একজন গুণী কবির সৃষ্টিকে গানে রূপ দিতে পেরে তিনি আনন্দিত। সুর ও কথার এই মেলবন্ধন শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কবিতাটি গানে রূপ নেওয়া প্রসঙ্গে কবি ইমতিয়াজ মাহমুদ বলেন, “গীতিকবিতার বাইরে অন্য যেকোনো কবিতা থেকে গান হওয়া বেশ কঠিন। ‘ফুটনোট’-এর ক্ষেত্রে এটি আরও বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ জাহীদ রেজা নূর ও মাঈন হাসানসহ অনেকের আবৃত্তির মাধ্যমে কবিতাটি মানুষের কাছে ভিন্নভাবে পৌঁছায়। শফিক তুহিন ভাই সেই চ্যালেঞ্জটি কতটুকু পার করেছেন, শ্রোতারা গানটি শুনে বিচার করবেন।”
শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি গতকাল উন্মুক্ত হয়েছে।