পটুয়াখালীর দুমকিতে মন্দির থেকে চুরি হওয়া প্রায় দেড়শ বছরের পুরনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ রাজাখালীর বাসিন্দা তানভীর খান প্রতিমা দুটি দুমকি থানায় জমা দিলে তা সন্ধ্যায় মন্দির কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর রাজাখালী গ্রামের চন্দ্র কুমার ফকির বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গত ২৯ এপ্রিল রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান জোৎস্না রানী। ওই ঘটনায় একটি পিতলের গোবিন্দ প্রতিমাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি হয় বলে অভিযোগ করেন মন্দিরের সভাপতি গোকুল গোস্বামী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া প্রতিমা দুটি কয়েক দফা হাতবদল হয়।
তানভীর খানের দাবি, তিনি রাজাখালী সেতু এলাকা থেকে প্রতিমা কুড়িয়ে পান এবং পরে তা বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে তিনি পুনরায় প্রতিমা সংগ্রহ করে থানায় জমা দেন।
তবে চুরি হওয়া অন্যান্য মালামাল এখনও উদ্ধার হয়নি। প্রতিমা কীভাবে সেতু এলাকায় গেল এবং চুরির সঙ্গে কারা জড়িত-তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
মন্দিরের সভাপতি গোকুল গোস্বামী বলেন, হারানো প্রতিমা ফিরে পেয়ে তারা আনন্দিত এবং এ বিষয়ে মামলা করতে চান না। স্থানীয়রা বাকি মালামাল উদ্ধারে পুলিশের তদন্ত জোরদারের দাবি জানিয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, প্রকৃত চোর শনাক্ত না হওয়া এবং বাদীপক্ষের দাবি না থাকায় প্রতিমা দুটি তাদের হেফাজতে দেওয়া হয়েছে।