ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া। তাদের মরদেহ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় আহত আরেকজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ও আহতরা স্প্রিডবোটেরই যাত্রী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড় ফিরে যাচ্ছিল। পথে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া নামের দুইজনকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা হচ্ছে।