ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখার কথা জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে জেলা শহর,সদর ও সরাইল উপজেলার গ্যাসের আবাসিকসহ বাণিজ্যিক প্রায় ২৩ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েবেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এ তথ্য জানা যায়। 

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডেবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার জেলার আওতাধীন এলাকার জেলা শহর, সদর ও সরাইল উপজেলার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে সংকটে পড়বে সরাইল কুট্টাপাড়া ও বিশ্বরোড মোড়ের সিএনজি ফিলিং স্টেশনগুলো। ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কের চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও দূরপাল্লার যান সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস নিতে পারবে না। এতে যাত্রীসহ চালকেরাও দুর্ভোগে পড়বেন।

জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা ব্যবসায়ী সামিউল বাশার বলেন, আগামীকাল গ্যাস থাকবে না শুনে প্রস্তুতি নিতে শুরু করেছি। ইতোমধ্যে পাউরুটি ও কলা কিনেছি। কারণ আগামীকাল দিনভর হোটেলগুলোতে চরম ভিড় থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম বলেন, আগাম প্রস্তুতি হিসেবে আজ রাতেই খাবার কিনে রাখব। কারণ কাল হোটেলে খাবার পাওয়া যাবে না। তবে আমার মা আজ রাতেই আগামীকালের রান্না করে ফেলবেন বলে জানিয়েছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক বলেন, বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। পৃথক লাইন স্থাপন করা হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বাড়বে। পাশাপাশি আবাসিক গ্রাহকদের গ্যাস-সংকটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত