বায়ুদূষণে ফের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার বায়ুমান সূচক ১৬৭ রেকর্ড করা হয়েছে। এ মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত বিশ্ব বায়ুমান তালিকায় এ তথ্য দেখা যায়।

তালিকায় ২২৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

অন্যদিকে, ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

কোন স্কোরে কেমন বায়ু

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’।

১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোরকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর হলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

সে হিসাবে, মঙ্গলবার সকালে ঢাকার ১৬৭ স্কোরের অর্থ হলো নগরীর বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বাইরে দীর্ঘ সময় অবস্থান করলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং সংবেদনশীল জনগোষ্ঠীর বাড়তি সতর্কতা প্রয়োজন।