বুধবার চালু হতে পারে সৌদিয়ার ঢাকা–রিয়াদ ফ্লাইট

একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরাও জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে হুতিদের হামলার কারণে বন্ধ থাকা ঢাকা–রিয়াদ রুটে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট বুধবার থেকে আবার চালু হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি অনুকূলে থাকলে বুধবার থেকে রিয়াদ–ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দেশটির বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি রয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই দুই গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম মঙ্গলবার বলেন, নিরাপত্তার কারণে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে যাদের সৌদি আরবে যেতে হবে, তাদের জন্য জেদ্দা হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ওই রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।

একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরাও জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই সংস্থাটির ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত