দীর্ঘ ২৩টি বছর কেটে গেছে। ঘরের মাঠে ২০০৩ সালে সাফের ট্রফি জয়ের পর আর কোনো বড় শিরোপার ছোঁয়া মেলেনি বাংলাদেশের ফুটবলে। তবে সেই আক্ষেপ ঘুচানোর এক সুবর্ণ সুযোগ এবার দরজায় কড়া নাড়ছে। দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আসর বসছে ঢাকায়। যেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গত আগষ্টে ড্র হয়েছিল সাফের আসন্ন আসরের। সেখানে গ্রুপ-এ তে হামজা-জামালদের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছিল ভুটান ও শ্রীলঙ্কা। এবার নির্ধারিত হলো সূচিটাও। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু হবে বাংলাদেশের।
আজ (মঙ্গলবার) প্রকাশিত খসড়া সূচি অনুযায়ী, আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
তবে এটি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নয়। একই দিনে সেই ম্যাচে বিকেল সাড়ে তিনটায় ‘বি’ গ্রুপের লড়াইয়ে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই গ্রুপের আরেক দল মালদ্বীপ।
‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদের বিপক্ষে লাল-সবুজরা লড়বে ১১ নভেম্বর রাত ৮টায়। যদিও ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের অন্তর্ভুক্তি নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে; ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই নিষেধাজ্ঞা কাটলে স্বাগতিকদের সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বের হিসাব-নিকাশ বেশ কড়া। দুই গ্রুপের শীর্ষ দলগুলো পা রাখবে ১৪ নভেম্বরের সেমিফাইনালে, আর ১৭ নভেম্বর দিবাগত রাতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।