ওভারটেক করতে গিয়ে ডোবায় হানিফ পরিবহনের বাস, আহত ১৩

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পাটুরিয়া রাস্তার গোলায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ থেকে ৪২ জন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি পাটুরিয়া ঘাট পার হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোলায়খালী এলাকায় সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়।

খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বাসে আটকে থাকা ও আহত যাত্রীদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অন্তত ১৩ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত বলে জানা গেছে।

বাসটির কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাস ছাড়ার পর থেকেই চালক গল্প করতে করতে গাড়ি চালাচ্ছিলেন। পাটুরিয়া ঘাট পার হওয়ার পর কিছু দূর এগিয়ে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সাইড গ্লাসে ধাক্কা লাগে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।

নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদ বলেন, বেলা ১১টা ৪০ মিনিটে যাত্রীসহ একটি হানিফ পরিবহনের বাস ডোবায় পড়ে যাওয়ার খবর পান তারা। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। বাস থেকে ১৩ জন আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রথমে একজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে পাওয়া যায়। এখন আর কোনো যাত্রী নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে ডুবুরিদল তল্লাশি চালাচ্ছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও শিবালয় থানা পুলিশের সদস্যরা অবস্থান করছেন।