নেছারাবাদে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, অসুস্থ ১

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের তারা মিয়ার ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির শেখ নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফলনী গ্রামের মো. আব্দুল জলিল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজাবাড়ি গ্রামের তারা মিয়ার ভবনে কাজ করতে যান মনির শেখ ও তার সহযোগী কুদ্দুস। তারা একসঙ্গে সেপটিক ট্যাংকের ভেতরের ঢালাইয়ের সেন্টারিং খুলতে নামেন। এ সময় ট্যাংকের ভেতরে তারা অচেতন হয়ে পড়েন। তাদের চিৎকার শুনে পাশের ভবন থেকে অন্য শ্রমিকেরা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক মনির শেখকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর অসুস্থ কুদ্দুসকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেন না থাকায় শ্বাসরুদ্ধ হয়ে একজন মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। অপরজন ভর্তি আছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সেপটিক ট্যাংকের ভেতরে নেমে মনির শেখ অচেতন হয়ে মারা যান এবং তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের সমঝোতায় ময়নাতদন্ত ছাড়া মনির শেখের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত