চট্টগ্রামের হাটহাজারীতে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলসংলগ্ন হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থ-১২-৪৪৭০ নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা হাটহাজারী থেকে যাত্রী নিয়ে নাজিরহাটের দিকে যাচ্ছিল। মাঝপথে হঠাৎ ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত (ওভারহিট) হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় চালকসহ যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। পরে আগুন পুরো অটোরিকশাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক মো. মাহফুজ রিবেনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত চালক মো. আলমগীর বলেন, "হাটহাজারী থেকে যাত্রী নিয়ে ওই স্থানে পৌঁছামাত্র গাড়িতে আগুন ধরে যায়। আমি ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করি। এই অটোরিকশাটি চালিয়েই আমি পরিবার চালাতাম। এখন আমার উপার্জনের মাধ্যমটি পুড়ে গেছে; কীভাবে জীবিকানির্বাহ করব, কিছুই বুঝতে পারছি না।"
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।