চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার ও ইরাত উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফরহাদাবাদ থেকে মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন দুই ভাই। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। ইরাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ফাহিম ও সায়েম নামে আরও দুই আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম জানান, তার ইউনিয়নের বংশাল এলাকার আপন দুই ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে তিনি শুনেছেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দেশ রূপান্তরকে জানান, প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। অপর ভাই ইরাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী ফাহিম (১৯) নামের এক যুবকও আহত হয়েছেন। তিনি তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন।