তিন ঘণ্টা ধরে বিকল অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন, যাত্রীদের দুর্ভোগ

গাজীপুরের শ্রীপুর স্টেশনের উত্তরে চাকার যান্ত্রিক ত্রুটির কারণে তারাকান্দিগামী আন্তনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ অচল হয়ে সাড়ে তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। এতে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনটিতে থাকা হাজারো যাত্রী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার কিছু পর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে থেমে যায়। তবে মূল লাইন সচল থাকায় এই পথে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেসটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছানোর আগেই চাকায় ত্রুটি দেখা দেয়। পরে রাজেন্দ্রপুর থেকে অত্যন্ত ধীরগতিতে ট্রেনটি চালিয়ে শ্রীপুরে এনে থামানো হয়। 

অগ্নিবীণা এক্সপ্রেসের শ্রীপুর স্টেশনে কোনো নির্ধারিত যাত্রাবিরতি ছিল না।

আর ট্রেনের বিকল হওয়ার ঘটনায় ট্রেনটিতে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়ে। ট্রেনের কিছু যাত্রীরা ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিছু যাত্রী সড়ক পথে আবার কিছু যাত্রী স্টেশনেই অপেক্ষা করছেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম আহমেদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি স্টেশনের আগে থামানো হয়। ট্রেনের চাকায় সমস্যা দেখা দিলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। বর্তমানে উদ্ধারকারী দল ট্রেনটি মেরামতের কাজ করছে।

তিনি আরও জানান, মূল লাইন সচল থাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঠিক কতক্ষণ পর এই ট্রেনটি পুনরায় চালু করা সম্ভব হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।