ঢাকা-আরিচা মহাসড়কে বাস খাদে, আহত ১৩

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস ডোবায় পড়ে অন্তত ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গালায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে আহত ১৩ জনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি পাটুরিয়া ঘাট পার হয়ে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পাটুরিয়া রাস্তার গালায়খালী এলাকায় সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার সময় একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাসটি ছাড়ার পর থেকেই চালক গল্প করতে করতে গাড়ি চালাচ্ছিলেন। ঘাট পার হয়ে কিছু দুরে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে সাইড গ্লাসে ধাক্কা লাগে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।

নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদ বলেন, বেলা ১১টা ৪০ মিনিটে হানিফ পরিবহনের একটি বাস যাত্রীসহ ডোবায় পড়ে যাওয়ার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। বাসটি থেকে ১৩ জন আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, একজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রথমে খবর পাওয়া গিয়েছিল। পরে তাকে হাসপাতালে পাওয়া যায়। এখন পর্যন্ত আর কোনো যাত্রী নিখোঁজ আছে কি না ডুবুরিদল তল্লাশি করে যাচ্ছে। 

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও শিবালয় থানা পুলিশের সদস্যরা অবস্থান করছেন।