কুমিল্লায় পুকুরঘাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীর একটি পুকুরঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরীর তালপুকুর পাড় এলাকার ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালপুকুর পাড়ের ঘাটে এক যুবকের বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় একাধিক বাসিন্দা দাবি করেছেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই এলাকাটিতে ঘুরে বেড়াতেন। 

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরে প্রাথমিক সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হতে পারে।

ওসি আরও জানান, এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।