স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এলেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের অনীহা দৃশ্যমান হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এখন নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় নানা ধরনের আইন ও রীতির কথা বলা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। দ্রুত নির্বাচন আয়োজন করে জনগণের ক্ষমতা তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারের দক্ষতার ঘাটতি দৃশ্যমান। কোনো কোনো ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাবও পরিলক্ষিত হচ্ছে। নতুন সরকার গঠনের পর কাজ গুছিয়ে নেওয়ার জন্য যে সময় প্রয়োজন, সরকার তা পেয়েছে। এখন আগের সরকার বা আগের রেজিমের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সভায় দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, প্রচার ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।