দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। দুদকের নোটিশ অনুযায়ী, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এ সাজা পেয়েছেন সুপর্ণা সুর চৌধুরী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য বলা হয়। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

পরে একই বছর ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে এ মামলাটি করেন। ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করে আদালত আসামিকে এ দণ্ড দেন।