জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল

জাপানে কয়েক দশক ধরে জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকলেও দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জনে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানায়, চলতি সেপ্টেম্বরে দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জনে। আগের বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে প্রায় ৮ হাজার। এ নিয়ে টানা ৫৬ বছর জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বাড়ল।

জাপানের শতবর্ষীদের মধ্যে ৮৮ শতাংশই নারী। সংখ্যার হিসেবে-৯৪ হাজার ২৯৮ জন নারী এবং পুরুষ-১৩ হাজার ৩৭৯ জন। দীর্ঘায়ুর দিক থেকেও জাপান বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপানের মানুষের গড় আয়ু ছিল ৮৪ বছর। বিশেষজ্ঞদের মতে-স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও উন্নত চিকিৎসা ব্যবস্থা জাপানিদের দীর্ঘায়ুর অন্যতম কারণ। পাশাপাশি দেশটির অনেক মানুষ ‘ইকিগাই’ দর্শন অনুসরণ করেন। জীবনের অর্থ, উদ্দেশ্য ও আনন্দ খুঁজে পাওয়ার এই ধারণা প্রবীণদের মানসিক ও সামাজিকভাবে সক্রিয় রাখতে ভূমিকা রাখে বলে মনে করা হয়।