বিশ্বের প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে (অন অরবিটে) অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক গত সোমবার এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ন্যাশনাল হারবার রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা এবং মহাকাশে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। তবে কী ধরনের অস্ত্র সেখানে মোতায়েন করা হচ্ছে তা বলেননি মেইঙ্ক। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রশাসন-ক্ষেপণাস্ত্র ও অকাশপথে আসা হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মহাকাশভিত্তিক সক্ষমতা গড়ে তুলতে তৎপর হয়ে ওঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর মহাকাশ বিভাগের (স্পেস ফোর্স) মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, শত্রুপক্ষের বৈরী পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোকে সুরক্ষা দিতে সক্ষম এমন ‘স্পেস কন্ট্রোল’ বা মহাকাশ নিয়ন্ত্রণসংক্রান্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেছেন, মহাকাশ নিয়ন্ত্রণ বলতে- মহাকাশে আধিপত্য বজায় রাখা ও তা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় কার্যক্রমকে বোঝায়। যার আওতায় প্রতিপক্ষের সক্ষমতাকে প্রভাবিত করতে গতি (কাইনেটিক) ও অ-গতি (নন-কাইনেটিক) উভয় ধরনের পদ্ধতিই ব্যবহার করা হয়। এই সক্ষমতাগুলো আক্রমণাত্মক ও রক্ষণাত্মক- উভয় উদ্দেশ্যেই কাজে লাগানো যেতে পারে।
মহাকাশে যুক্তরাষ্ট্রের দুই প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা মনে করছেন- বিমানবাহিনীর সচিব মেইঙ্ক ‘ক্রমবর্ধমান হুমকি’ বলতে রাশিয়া ও চীনকেই ইঙ্গিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর মহাকাশ বিভাগের কর্মকর্তাদের মতে, এক দিকে চীন সামরিক আধুনিকীকরণ কৌশলের অংশ হিসেবে মহাকাশ ও পাল্টা-মহাকাশ সক্ষমতা গড়ে তুলছে ও পরিচালনা করছে। অন্যদিকে রাশিয়া মহাকাশকে যুদ্ধের একটি ক্ষেত্র হিসেবে বিবেচনা করে এবং বিশ্বাস করে যে, ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে মহাকাশে আধিপত্য বিস্তারই হবে একটি নির্ণায়ক বিষয়। কক্ষপথে প্রথমবারের মতো অস্ত্র মোতায়েনের কথা যুক্তরাষ্ট্র নিশ্চিত করার পর মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে তার সামরিক সক্ষমতা বাড়ানো এবং মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করার আহ্বান জানাই। তিনি মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধেও সতর্ক করেন। তিনি যোগ করেন, এ ধরনের পদক্ষেপ মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে।
১৯৬৭ সালের একটি আন্তর্জাতিক চুক্তিতে মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ করা হয়।