পাবনার সাবেক এমপি আরজু মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লালমাটিয়ার মীনা বাজারের সামনে থেকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। পরে গ্রেপ্তার দেখায় মোহাম্মদপুর থানা পুলিশ। খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।

গতকাল মঙ্গলবার ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তাছাড়া তিনি হৃদরোগে আক্রান্ত। আটকের পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মীনা বাজারে একটি কফিশপে বসে ছিলেন এই সংসদ সদস্য। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে ঘিরে ধরেন। কেউ কেউ মারতে উদ্যত হন এবং টাকা আনতে চাপ দেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি আরজুকে সেখান থেকে নিরাপদ স্থানে নেওয়া চেষ্টা করেন। একপর্যায়ে ওই ব্যক্তি থানা পুলিশকে কল করে বিষয়টি জানান। থানায় কল করায় ওই ব্যক্তির মোবাইল ফোন ভেঙে ফেলেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে।

এসব বিষয়ে জানতে চাইলে এডিসি জুয়েল রানা বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায়ই ওনাকে (এমপি) ধরা হয়েছে। শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর বেশি কিছু জানা নেই।