চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বাবুল আক্তার 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ বাবুল আক্তার (কানুনগো) নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ বাবুল আক্তার জানিয়েছেন, ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটিতে  আমাকে সভাপতি নিয়োগ করায় মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, দৌলতপুর-ঘিওর-শিবালয়ের চরবান্ধব গণমানুষের নেতা এস এ জিন্নাহ কবীর ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে চির কৃতজ্ঞ ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।  

নবনির্বাচিত সভাপতি বলেন, বিগত সময় দলীয়করণ, স্বজন প্রীতি এবং একক আধিপত্যের কারণে অত্র এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজ হারিয়ে যেতে বসেছে। আমরা চাই নবগঠিত এডহক কমিটির হাত ধরে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতায় পেলে চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরেয়ে আনার চেষ্টা করব। নবগঠিত এডহক কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই।