ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

ফরিদপুরের কানাইপুরের হাসান শেখ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একই মামলার ২০১ ধারায় (আলামত গোপন করা) প্রতিটি আসামিকে আরও সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়; যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখে। আসামিরা ইতোমধ্যে যে পরিমাণ সাজা ভোগ করেছেন, তা মূল সাজা থেকে বাদ যাবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের মোসা. ফরিদা বেগম, ফারুক বিশ্বাস, চান্দু শেখ ও শাহজাহান মাতুব্বর। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিলেন। মোসা. ফরিদা বেগম বর্তমানে পলাতক রয়েছেন। পরে উপস্থিত তিন আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠায় আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০১৮ সালের ৯ মে রাত থেকে ১৩ মে বিকেলের কোনো এক সময়ে ঝাউখোলা এলাকার ইমাম উদ্দিন শেখের ছেলে হাসান শেখকে হত্যা করে লাশ বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়। ১৩ মে বিকেলে ঝাউখোলা গ্রামের আখক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে বস্তাবন্দী মরদেহটি দেখতে পান। পরে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট শাহ্ মো. আজিজুর রহমান বিকু বলেন, ‘মামলায় অভিযুক্ত ছয়জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।’

সর্বশেষ সর্বাধিক পঠিত