রাজশাহীতে লাইসেন্সহীন মিনারেল ওয়াটার কোম্পানিকে জরিমানা

রাজশাহী মহানগরীতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে ১৯ লিটারের জারে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে ‘ফিউচার মিনারেল ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর বালিয়াপুকুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বিএসটিআই-এর গুণগত মানসনদ (লাইসেন্স) গ্রহণ না করেই প্রতিষ্ঠানটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ১৯ লিটারের জারে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিএম উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল।

বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং সাধারণ মানুষের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্য ও পানীয় নিশ্চিত করতে রাজশাহীতে বিএসটিআই-এর এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।