গোল-অ্যাসিস্টে লিভারপুলকে জেতালেন আর্জেন্টিনার ‘কড়া মেন্টর’ 

লিভারপুলের জার্সিতে যেমন নিজে জালের ঠিকানা খুঁজে নিলেন, তেমনি সতীর্থদের জোগান দিয়ে এক অ্যাসিস্টে আলো ছড়ালেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। লিগ কাপে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ ব্যবধানে হারিয়ে অল রেডসদের পরের রাউন্ডে তোলার পথে বড় ভূমিকা রাখা এই তারকা ম্যাচ শেষে শোনালেন তরুণদের ওপর তার কড়া নজর ও ক্ষ্যাপাটে মেন্টরশিপের পেছনের গল্পটাও।

অন্যদিকে, উত্তর লন্ডনের দল আর্সেনালও তাদের জয়রথ অব্যাহত রেখেছে। ইপসউইচ টাউনের মাঠে ৪-২ গোলের বড় জয়ের এই ম্যাচে প্রধান ভূমিকা রেখেছেন মাত্র ১৬ বছর বয়সী বিস্ময় বালক ম্যাক্স ডাউম্যান, যার জোড়া গোলে ভর করে লিগ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে গানাররা।

অ্যানফিল্ডে টটেনহ্যাম বধ ও ম্যাক আলিস্টারের কড়া মেন্টরশিপ

কারাবাও কাপের এই ম্যাচে স্পার্সের বিপক্ষে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল লিভারপুল। ম্যাচের ডেডলক ভেঙে অ্যানফিল্ডে ২১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ম্যাক আলিস্টার। শুধু গোল করেই থেমে থাকেননি, দারুণ পারফরম্যান্সে তরুণ একাডেমী খেলোয়াড়দের জয়ের আলোয় রাঙাতে বড় ভূমিকা রাখেন তিনি।

তবে মাঠের বাইরে এই তরুণদের নিয়ে তার কড়া মনোভাবের কথা সংবাদমাধ্যম আইটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা। তরুণদের সঙ্গে নিজের ‘টাফ লাভ’ বা কঠোর ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ম্যাক আলিস্টার বলেন, ‘আমি ওদের নিয়ে বেশ কড়া থাকি এবং মাঝেমধ্যে রাগও করি। আমি মনে করি এটা ওদের সফল দেখতে চাওয়ার চাওয়ারই একটা অংশ। আমি আগেই যেমনটা বলেছি, ওরা সত্যিই বেশ ভালো। ওদের মান আছে, তীব্রতা আছে এবং ক্লাবটি কী বোঝায় তা ওরা জানে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মৌসুমে ওরা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।’

ম্যাচ শেষে তরুণদের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘ওরা প্রতিদিন ট্রেনিংয়ে প্রমাণ করে যে তারা এখানে থাকতে চায়। তারা সত্যিই খুব কঠোর পরিশ্রম করে এবং তাদের গুণগত মান রয়েছে। আমি তাদের জন্য সত্যিই খুব খুশি কারণ ট্রেনিংয়ে তারা এর পুরোপুরি যোগ্য।’ 

এদিকে, টটেনহ্যামের বিপক্ষে ৩-১ গোলের এই জয়ে ম্যাক আলিস্টারের পাশাপাশি কোডি গাকপো এবং বদলি হিসেবে নেমে চমৎকার গোল করা ডমিনিক সোবোসলাই জয়ে বড় অবদান রাখেন। কনর গ্যালাগার একটি গোল শোধ করলেও ধুঁকতে থাকা রবার্তো ডি জেরবির টটেনহ্যামের ভাগ্য বদলায়নি।

ডাউম্যানের জোড়া গোলে আর্সেনালের জয়রথ ছুটেই চলেছে

মিকেল আর্তেতার দল যেন থামার নামই নিচ্ছে না। ইপসউইচ টাউনের মাঠে ৪-২ গোলের বড় জয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে গানাররা, যা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা ষষ্ঠ জয়।

ম্যাচের মূল আকর্ষণ ছিলেন মাত্র ১৬ বছর বয়সী মিডফিল্ডার ডাউম্যান। ম্যাচের শুরুর দিকেই দুর্দান্ত ফুটওয়ার্কে দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সিল্কি ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন এই টিনএজার। এই পারফরম্যান্সের মাধ্যমে ২০০২ সালে ওয়েন রুনির গড়া রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।

কিশোর এই তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা স্কাই স্পোর্টসকে বলেন, ‘তার বয়স মাত্র ১৬ বছর এবং আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা তাকে থামাতে চাই না, তবে আমাদের তাকে সঠিকভাবে বিকশিত করতে হবে। সে কী চায় সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন এবং সে খেলার পূর্ণ সুযোগ পাবে।’

লিভারপুল ও আর্সেনালের পাশাপাশি ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের অন্য দুই দল ফুলহ্যাম ও ব্রেন্টফোর্ডও। রোমাঞ্চকর ম্যাচে দ্বিতীয় সারির দল ওয়েস্ট হ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ফুলহ্যাম, আর ব্রেন্টফোর্ড ২-১ গোলে হারিয়েছে তৃতীয় সারির রিডিংকে।