টি-শার্টের স্লোগান আড়াল করলেন এমবাপ্পে ও ভিনিসিয়ুস

মরক্কো সীমান্তবর্তী স্প্যানিশ ছিটমহল সেউতায় চলমান তীব্র অভিবাসী সংকটের মুখে সংহতি জানিয়ে আয়োজিত এক কার্যক্রমে ভিন্ন অবস্থান নিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র। গত মঙ্গলবার এলচের বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের জয়ের আগের ম্যাচে সেউতার প্রতি সমর্থনের স্লোগানটি ইচ্ছেকৃতভাবে আড়াল করে রাখেন এই দুই ফরোয়ার্ড।
 
ম্যাচের আগে উভয় দলের খেলোয়াড়রাই স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতার অভিবাসী সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করে একটি বিশেষ টি-শার্ট পরে মাঠে আসেন। টি-শার্টটিতে তোদোস সোমোস কাবালাস' (আমরা সবাই সেউতান) স্লোগানটি লেখা ছিল।

তবে কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র এবং ইব্রাহিমা কোনাতের মতো তারকারা তাদের টি-শার্টগুলো বুকের ওপর গুটিয়ে রেখে ওই স্লোগানটি ঢেকে রাখেন। প্রতিপক্ষের খেলোয়াড়রা টি-শার্ট পরে থাকলেও এমবাপে ও ভিনিসিউস ম্যাচ শুরুর আগে হাত মেলানোর সময় টি-শার্টগুলো খুলেও ফেলেন।

এ বিষয়ে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলচে ক্লাবের এই সংহতি প্রকাশ ও টি-শার্ট পরার অনুরোধ ক্লাবটি গ্রহণ করেছিল। তবে একটি প্রতিষ্ঠান হিসেবে তারা ভিন্ন মতকে শ্রদ্ধা করে এবং দলের প্রত্যেক খেলোয়াড়কে এই শার্ট পরবেন কি না, সে বিষয়ে ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত জুলাই মাসে মরক্কো থেকে সেউতা ভূখণ্ডে ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসীর প্রবেশের পর থেকেই স্পেনের বিভিন্ন মহলে শহরটির বাসিন্দাদের প্রতি ব্যাপক সমর্থন জানানো হচ্ছে। এর আগে রিয়াল বেতিস ও ভায়াদোলিদ ম্যাচেও এমন সংহতি বার্তা দেখা গেছে, যেখানে বেতিসের মরক্কান উইঙ্গার ইজ আবদে এই স্লোগানসংবলিত টি-শার্ট পরার কারণে অনলাইনে সমালোচনার মুখে পড়েছিলেন। পরে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে আবদ স্পষ্ট করেন যে, শার্টটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা মরক্কোর প্রতি অসম্মান জানাতে নয়, বরং একটি সামাজিক উদ্দেশ্যে কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য পরা হয়েছিল।