মেসির সামনে ৪৮তম ট্রফির হাতছানি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
ক্যারিয়ারের আরেকটি নতুন ট্রফি জয়ের মিশনে নামছেন লিওনেল মেসি। এমএলএস (মেজর লিগ সকার) এবং লিগা এমএক্স-এর শীর্ষ দলগুলোর মধ্যকার মর্যাদাপূর্ণ একক ফাইনাল ম্যাচ তথা ক্যাম্পেওনেস কাপে রাতে ক্রুজ আজুলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। নু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি দিয়েই মায়ামির নতুন কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে ক্রিস্টিয়ান 'কিলি' গঞ্জালেসের। বাংলাদেশ সময় ম্যাচটা শুরু হবে বৃহস্পতিবার সকাল ৬টায়
 
২০১৮ সাল থেকে চালু হওয়া এই টুর্নামেন্টটি সরাসরি ফিফা বা কনকাকাফের অধীনে পরিচালিত না হলেও এটি এমএলএস এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর একটি যৌথ বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক আয়োজন। লিগ টেবিলের জনপ্রিয়তা বা তারকা খ্যাতির ভিত্তিতে কোনো দলকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয় না। নিজ নিজ দেশের লিগে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমেই কেবল দলগুলোকে এই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে হয়। ম্যাচটিকে নিছক কোনো প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না ফুটবল বিশ্লেষকরা। কারণ এই ম্যাচ জয়ের মাধ্যমেই ইন্টার মায়ামির হয়ে নিজের ৪৮তম ক্যারিয়ার শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে।
 
২০২৬ বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির জার্সিতে মাত্র ৮ ম্যাচে ৭ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। কাকতালীয় ব্যাপার হলো, মায়ামিতে যোগ দেওয়ার পর ক্রুজ আজুলই ছিল মেসির প্রথম প্রতিপক্ষ (২০২৩ সালের লিগস কাপে যাদের বিপক্ষে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি)।
 
এই ফাইনাল ম্যাচের মাধ্যমেই ইন্টার মায়ামির ডাগআউটে অভিষেক হতে চলেছে নতুন কোচ কিলি গঞ্জালেসের। ৫২ বছর বয়সী এই সাবেক আর্জেন্টাইন ফুটবলার ইতিপূর্বে রোজারিও সেন্ট্রাল, উনিওন দে সান্তা ফে এবং প্লাতেনসের মতো ক্লাবের কোচিং করিয়েছেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত