মঠবাড়িয়ায় পোস্টার লাগানো নিয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পোস্টার ও ব্যানার লাগানোকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালিরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন খলিলুর রহমান।

খলিলুর রহমান জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বেতমোর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন দুলালের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার টানানো হয়।

তার অভিযোগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকের নেতৃত্বে জিল্লুর নাজীর, আমীর মল্লিকসহ ১০-১৫ জন ব্যক্তি ওই পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন। এতে বাধা দিতে গেলে পুলিশের উপস্থিতিতে তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন বলে দাবি করেন খলিলুর রহমান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক চা-দোকানি জানান, কয়েকজন ব্যক্তি হঠাৎ খলিলুর রহমানকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি দোকানের ভেতরে আশ্রয় নিলে সেখানেও তাকে মারধর করা হয়। এ সময় তার দোকানে ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন ওই দোকানি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক। তিনি বলেন, “তার ওপর হামলার খবর শুনে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল ভাইসহ আমরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করি। আমার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। তিনি বিএনপি করেন, আমি ছাত্রদল করি। আমার বাড়ি পৌরসভায়, তার বাড়ি বেতমোর ইউনিয়নে।”

খোকন মল্লিক আরও বলেন, “আমি তার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্ত করে শাস্তি দাবি করছি।”

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।