রুমিন ফারহানার দুই সমর্থকে ওপর হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এঘটনা ঘটে।

আহতরা হলেন আতাউর রহমান ও রাসেল বিপ্লব। আতাউর আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও রাসেল সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তারা সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক।

সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক রাসেল বিপ্লব বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার এবিষয়ে কথা বলতে ইউএনও'র কাছে গেলে কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে কক্ষে বসা থাকতে দেখে ভেতরে না গিয়ে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে নিজেরা কথা বলছিলাম। এসময় হঠাৎ উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমানসহ কয়েকজন লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংসদ সদস্য রুমিন ফারহানা বিজয়ী হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতিপক্ষ হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন তিনি।

হামলার কথা অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে আমাদের ছেলেপেলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি সংসদ সদস্য। তিনি চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।