রাজধানীতে কলেজ শিক্ষিকা নিহত 

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন তিনি।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে মেইন রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিশার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বর্তমানে থাকতেন মেরাদিয়া নয়াপাড়া এলাকায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে তিসা পরিবহনের আরেকটি বাসের চাকার নিচে পিষ্ট হন তিনি। তখন পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে ফরাজী হাসপাতালে ভর্তি করান।

তিনি জানান, পরিবারের লোকজন খবর পেয়ে রাতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই দুটি বাসই জব্দ করা হয়েছে। একটি বাসের চালক ও অন্যটির হেলপারকে আটক করা হয়েছে। 

তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তার স্বামী প্রবাসী। তিশার কোনো সন্তান নেই।