নতুন অ্যাপল ওয়াচে ‘অডিও ইন্টেলিজেন্স’ প্রযুক্তি

নতুন প্রজন্মের অ্যাপল ওয়াচে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অডিও ইন্টেলিজেন্স’ প্রযুক্তি। এর অন্যতম সুবিধা ‘সিরি রিক্যাপস’, যা ব্যবহারকারীর কথোপকথন বিশ্লেষণ করে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরতে পারে। নতুন এই সুবিধা ঘিরে তাই অনেকের মনে প্রশ্ন অ্যাপল ওয়াচ কি সবসময় ব্যবহারকারীর কথা শুনতে থাকবে।

অ্যাপলের দাবি, এমনটা নয়। সিরি রিক্যাপস স্বয়ংক্রিয়ভাবে সবসময় চালু থাকে না। ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী সুবিধাটি সক্রিয় করলে তবেই এটি কাজ করে। নির্দিষ্ট সময় বা পরিস্থিতিতে এটি ব্যবহার করা যায় এবং কাজ শেষে বন্ধও করা সম্ভব।

গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেছে অ্যাপল। প্রতিষ্ঠানের তথ্যমতে, অডিও ইন্টেলিজেন্স কথোপকথনের রেকর্ড সংরক্ষণ করে না। ঘড়ির হার্ডওয়্যারের ‘সিকিউর এক্সক্লেভ’ অংশে অডিও প্রক্রিয়াজাত করার পর তা মুছে ফেলা হয়। ফলে পরবর্তী সময়ে অ্যাপল, অন্য কোনো অ্যাপ কিংবা ব্যবহারকারী সেই অডিও শুনতে পারবেন না।

নতুন অডিও ইন্টেলিজেন্সে রয়েছে ‘লাইভ রিওয়াইন্ড’ নামের আরেকটি সুবিধা। অ্যাপল ওয়াচের ডিজিটাল ক্রাউনে দুবার চাপ দিলে সাম্প্রতিক কথোপকথনের আগের ১৫ সেকেন্ডের একটি লিখিত অংশ দেখা যায়। তবে সুবিধাটি সক্রিয় হলে ঘড়ির পর্দায় মাইক্রোফোনের নির্দেশক ও অ্যানিমেশন দেখানো হয় এবং আশপাশের মানুষকেও শব্দের মাধ্যমে সতর্ক করা হয়। অর্থাৎ নতুন অ্যাপল ওয়াচে কথোপকথন বিশ্লেষণের প্রযুক্তি থাকলেও অ্যাপলের দেওয়া তথ্য অনুযায়ী সেটি সার্বক্ষণিকভাবে ব্যবহারকারীর কথা রেকর্ড বা সংরক্ষণ করে না।