অভিবাসন নীতিতে বড় পরিবর্তন অস্ট্রেলিয়ার

অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অস্থায়ী ভিসার সংখ্যা কমানো, ভিসার মেয়াদ শেষে অভিবাসীদের দেশে ফেরা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্য আনার সুযোগে কড়াকড়িসহ বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির লেবার সরকার। আজ বৃহস্পতিবার ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে নতুন অভিবাসন পরিকল্পনার বিস্তারিত তথ্য দেবেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, নতুন পরিকল্পনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় আনার সুযোগ কার্যত বন্ধ করার ব্যবস্থা থাকতে পারে। গত অর্থবছরে অস্ট্রেলিয়া ৩ লাখ ৩৭ হাজার ৪২৭টি শিক্ষার্থী ভিসা দিয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৯৯১টি ছিল পরিবারের সদস্য বা নির্ভরশীলদের জন্য। অস্ট্রেলিয়ার সরকারি সূত্রে জানা গেছে, নতুন এ পরিকল্পনায় একবারে বড় ধরনের ছাঁটাইয়ের ঘোষণা না থাকলেও আগামী দুই বছরের মধ্যে বার্ষিক নিট অভিবাসন ৩ লাখ ৫ হাজার থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। অস্থায়ী ভিসার দিকেও বড় নজর রয়েছে দেশটির। বর্তমানে অস্ট্রেলিয়ায় অস্থায়ী ভিসাধারীর সংখ্যা বেড়ে প্রায় ৩০ লাখে পৌঁছেছে। নতুন পরিকল্পনায় ব্রিজিং ভিসার বিষয়টিও আলোচনায় রয়েছে।