জয়পুরহাটে খণ্ডিত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কেচের মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে রেললাইন এলাকায় চলাফেরা করতে দেখেছেন অনেকেই। পরে তার খণ্ড বিখণ্ড মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রেললাইনের আশপাশে পড়ে ছিল। পাশাপাশি মাথার অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় খবর পাঠালে পুলিশে এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।