কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে ও বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরোজ আলী (২৮) ও সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (নুশু) ৪৮।   

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, কুষ্টিয়া দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির পাশে নদীর ধারে বসে ছিলেন আরোজ আলী। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে আরোজ আলী গুরুতর আহত হন। এ সময় ঘটনস্থলের আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে গুরুতর আহত আরোজ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে কৃষক রওশন আলী সহ চারজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন। তবে গুরুতর আহত অপর ৩জনকে ভর্তি করে চিকিৎসার দেওয়া হচ্ছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতে নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।