কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় এক ব্যক্তি তার অসুস্থ নাতিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য 'এমভি কর্ণফুলি-৪' লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। লঞ্চটি দুপুর ২ টায় মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় উক্ত লঞ্চের মাস্টার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ‘১৬১১১’ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিকেল টিম অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজি যোগে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শ্যামলীতে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।