দিল্লির আজ এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙে গড়েছেন নতুন ইতিহাস।
মাত্র ৩০ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। এর মাধ্যমে তিনি যৌথভাবে জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে) এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের (চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে) করা ৩৩ বলের আগের রেকর্ডটি পেছনে ফেলে দেন। একই সঙ্গে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার করা ৩৫ বলের দীর্ঘদিনের ভারতীয় রেকর্ডটিও ভেঙে দিয়েছেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে (২৭ বল)।
আফগান বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন অভিষেক। মাত্র ১৬ বলে নিজের প্রথম ফিফটি তুলে নেওয়ার পর সেঞ্চুরিতে পৌঁছাতে তিনি নেন মাত্র আরও ১৪ বল। ইনিংসের দশম ওভারে রশিদ খানের বলে আউট হওয়ার আগে তিনি মাত্র ৩৪ বলে ১০৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৯টি চার এবং ১১টি বিশাল ছক্কার মার। মানে ১০৮-এর মধ্যে ১০২ রানই তিনি করেছেন বাউন্ডারিতে।
যখন তিনি আউট হন, তখন ভারতের দলীয় সংগ্রহ ছিল ১ উইকেটে ১৪২ রান—যার অর্থ দলের মোট রানের প্রায় ৭৬ শতাংশই এসেছিল তার ব্যাট থেকে। তার সঙ্গে ওপেনিং জুটিতে সঙ্গী সানজু স্যামসন ২৫ বলে করেন ৩৪ রান। সন্জু পরে ৫০ করেছেন ৩৫ বলে। ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে ২২১ রান তোলে।
আফগানিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরিটি ছিল টি-টোয়েন্টি ক্যারিয়ারে অভিষেকের তৃতীয় সেঞ্চুরি। ভারতের হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল রোহিত শর্মা (৫টি) এবং সূর্যকুমার যাদবের (৪টি)। এই সিরিজের প্রথম ম্যাচে ৮২ এবং দ্বিতীয় ম্যাচে ৩৯ করেছিলেন অভিষেক।