কানাডাকে সদস্য করলে বাণিজ্য বন্ধ : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডাকে ‘সহযোগী সদস্য’ (অ্যাসোসিয়েট মেম্বার) করার প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এগোলে তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। ট্রাম্পের মতে, ইইউর কানাডাকে সহযোগী সদস্য করার পরিকল্পনাটি ‘হাস্যকর’ হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা যদি এটি করে, আর আমি যদি মনে করি পদক্ষেপটি শত্রুতামূলক তাহলে কঠোর শুল্ক আরোপ করব। অথবা ইউরোপের সঙ্গে অনেক পণ্যের বাণিজ্য বন্ধ করে দেব।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদি এর উদ্দেশ্য ভালো হয়, তাহলে ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য খারাপ হলে আমরা ইউরোপের ওপর খুব কঠোর শুল্ক আরোপ করব।’

ট্রাম্পের এই হুমকির জবাবে গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের বাণিজ্যবিষয়ক মুখপাত্র ওলফ গিল সাংবাদিকদের বলেন, কানাডাকে সহযোগী সদস্য করার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়।