পূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’। নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, প্রেম-ভালোবাসা ও সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ফিল্ম ম্যানিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মুনতাসির আকিব।
নব্বইয়ের দশকের ক্যাম্পাসের সেই আবহ ও সাধারণ জীবনযাপন ফুটিয়ে তুলতে নির্মাতা নিখুঁতভাবে কাজ করেছেন। সিনেমার পরিবেশ প্রাণবন্ত করতে এতে কাজ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫০-৩০০ জন শিক্ষার্থী। পাশাপাশি অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিমি, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, আবদুল্লাহ আল সেন্টুসহ বিশাল একটি শিল্পী দল।
সিনেমাটিতে থাকছে বৈচিত্র্যময় চারটি গান। কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি। জানা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করেই মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘চিরকুট’।