বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব সামলানো মাতৃহীন আরিয়ানের পৃথিবীতে বাবাই একমাত্র বন্ধু। একদিন অফিস থেকে ফেরার পথে গাড়ির সামনে এসে পড়ে আয়েশা নামের এক তরুণী। প্রথম দর্শনেই আয়েশার প্রেমে পড়ে যায় আরিয়ান। বাস স্টেশনে হঠাৎ দেখা পেয়ে পিছু নেওয়া শুরু করলে আয়েশাও ধীরে ধীরে তা মেনে নেয় এবং দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্ক গভীর হলে আরিয়ান আয়েশাকে বাবার সঙ্গে পরিচয় করায়। তবে বিপত্তি ঘটে আরিয়ান তাকে বিয়ের প্রস্তাব দিলে। হুট করেই সব যোগাযোগ বন্ধ করে নিখোঁজ হয়ে যায় আয়েশা আর তাকে উন্মাদের মতো খুঁজতে থাকে আরিয়ান।
এমন রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রথম দেখার পর’। নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকে আরিয়ান ও আয়েশা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত ও ডলি জহুর। নাটকটি প্রচার হবে আজ শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।